অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবি হয়েছে। রক্ষণশীল বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট রাজ্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে দলটির ঐতিহ্যবাহী ঘাঁটি ভিক্টোরিয়ায় লেবারের টানা ১২ বছরের শাসনের অবসান হলো।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রক্ষেপণ অনুযায়ী, শনিবারের নির্বাচনে ৫৭.৫ শতাংশ ভোট গণনা শেষে ৮৮ আসনের নিম্নকক্ষে লিবারেল-ন্যাশনাল জোট অন্তত ৪৯টি আসনে জিতেছে। গ্রিনস পেয়েছে ছয়টি আসন, আর লেবার মাত্র তিনটি। আরও ৩০টি আসনের ফল তখনো নির্ধারিত হয়নি।
বিদায়ী প্রিমিয়ার বেন ক্যারল মেলবোর্নে নিজের নিড্রি আসনেও হেরে পরাজয় মেনে নিয়েছেন। তিনি বলেন, ‘নেতা হিসেবে আমি পুরো দায় নিচ্ছি।’
লিবারেল নেতা ৩৬ বছর বয়সী জেস উইলসন ভিক্টোরিয়ার সবচেয়ে কম বয়সী এবং প্রথম নির্বাচিত নারী প্রিমিয়ার হতে যাচ্ছেন। তিনি ২০২২ সালে প্রথম রাজ্য পার্লামেন্টে আসেন।
এ ফল প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য বড় ধাক্কা। ২০২৫ সালের মে মাসে তার ফেডারেল লেবার সরকার দ্বিতীয় মেয়াদে জয় পেয়েছিল। তবে গত সপ্তাহে প্রকাশিত নিউজপোলের জরিপে তার জনপ্রিয়তা দায়িত্ব নেওয়ার পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বলে দেখা গেছে।
রাজ্য সরকারের ভেতরে কয়েক মাসের অস্থিরতার পর এ পরাজয় এল। গত জুলাইয়ে জাসিন্টা অ্যালানের স্থলে প্রিমিয়ার হন ক্যারল এবং বড় অবকাঠামো প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে রয়্যাল কমিশন গঠন করেন। এ ছাড়া ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার বাড়িয়ে ৪.৮৫ শতাংশ করে। নির্বাচনে কট্টর ডানপন্থী, অভিবাসনবিরোধী ওয়ান নেশন পার্টির প্রতি সমর্থন বাড়তেও দেখা গেছে।
সূত্র: আল জাজিরা, এবিসি
প্রতীকী ছবি





