দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন
দিনাজপুরের পার্বতীপুর ও বিরলে রেললাইনে আগুন জ্বালিয়ে এবং বোমাসদৃশ বস্তু রেখে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে চালকদের তাৎক্ষণিক সতর্কতায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি আন্তঃনগর ট্রেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে পার্বতীপুরের ভবানীপুর স্টেশনের কাছে এবং বিরলের কাঞ্চন জংশনে এসব ঘটনা ঘটে।
রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ভবানীপুর রেলস্টেশনের কাছে রেললাইনে টায়ার জ্বালিয়ে রাখা হয়। চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস সেখানে পৌঁছালে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনের কর্মীরা আগুন নিভিয়ে চলাচল স্বাভাবিক করেন।
রাত সোয়া ১১টার দিকে বিরলের কাঞ্চন জংশনে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে, লাল পতাকা টানিয়ে দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। দূর থেকে আগুন দেখে চালক হিরু মিয়া সতর্কতার সঙ্গে ট্রেন থামান। পরে পরীক্ষা করে বস্তুগুলোর ভেতরে বোমার উপাদান পাওয়া যায়নি। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
দিনাজপুর রেলওয়ে জিআরপি থানার ওসি ফখরুল ইসলাম জানান, কে বা কারা রেললাইনে আগুন জ্বালিয়ে বোমাসদৃশ বস্তু রেখে নাশকতার চেষ্টা করেছে তা তদন্ত করা হচ্ছে। চালকদের সতর্কতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং রেললাইনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচির আগের রাতে এ ঘটনা ঘটল। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়।
প্রতীকী ছবি





