হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি
রাজধানীর হাতিরঝিল এলাকায় এবার ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে আরেকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেয়ালে লাগে। এতে কেউ হতাহত হননি।
ঠিক কী কারণে সেখানে গুলি করা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান ডিসি। হামলাকারীরা কারা এবং তারা কীভাবে অফিসে ঢুকল, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।
দুই সপ্তাহের ব্যবধানে একই এলাকায় দুটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে গুলির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও আইএসপি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
প্রতীকী ছবি





