গাজার শিশুকে নিয়ে ইসরায়েলবিরোধী বিজ্ঞাপন সরাল এনবিসি
ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে প্রচারিত একটি বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম এনবিসি ইউনিভার্সাল। ইসরায়েলপন্থী ইহুদি সংগঠনগুলোর আপত্তির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ফিলিস্তিনি অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনটি বুধবার রাতে স্যাটারডে নাইট লাইভের থ্যাংকসগিভিং বিশেষ পর্বে প্রচারিত হয়। এতে দেখা যায়, এক শিশু ৪০০ ডলারের একটি সাইকেল কিনতে সারা বছর কাজ করে টাকা জমায়। এরপর দৃশ্য বদলে দেখানো হয় গাজায় পা হারানো এক ফিলিস্তিনি শিশুকে। বিজ্ঞাপনে বলা হয়, প্রতি তিন সেকেন্ডে মার্কিন করদাতাদের ৪০০ ডলার ইসরায়েলে যাচ্ছে।
বিজ্ঞাপনটি দর্শকদের ‘এভরি থ্রি সেকেন্ডস’ প্রচারণার ওয়েবসাইটে গিয়ে কংগ্রেস সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েলের সঙ্গে নতুন সামরিক সহায়তা চুক্তির বিরোধিতা করতে আহ্বান জানায়। ইসরায়েলি গণমাধ্যমের খবর, বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালে শেষ হলে নতুন পাঁচ বছরের চুক্তি নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন।
অ্যান্টি-ডিফেমেশন লিগের প্রধান নির্বাহী জোনাথন গ্রিনব্লাট বিজ্ঞাপনটি প্রচারের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন। বিনাই বিরিথ ইন্টারন্যাশনালও একে ‘বিদ্বেষপূর্ণ ও বিভ্রান্তিকর’ আখ্যা দেয় এবং বলে, এতে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার কথা বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে বিজ্ঞাপন প্রচারকারী আইএমইইউ পলিসি প্রজেক্ট জানায়, বিজ্ঞাপনটি এনবিসির কঠোর তথ্য যাচাই প্রক্রিয়া পেরিয়েই প্রচারিত হয়েছিল। বিজ্ঞাপনের দ্বিতীয় শিশুটি ৯ বছরের মেরাল আল-বাবলি, যার বাড়িতে ইসরায়েলি হামলায় তার মা ও নানি নিহত হন এবং তার পা কেটে ফেলতে হয়।
খবরে বলা হয়, এনবিসির জ্যেষ্ঠ নির্বাহীরা সম্প্রচারের আগে বিজ্ঞাপনটির বিষয়ে জানতেন না এবং ভবিষ্যতে বিজ্ঞাপন অনুমোদনের প্রক্রিয়া পর্যালোচনা করা হবে। তবে বিজ্ঞাপন সরানোর বিষয়টি এনবিসি প্রকাশ্যে নিশ্চিত করেনি।
সূত্র: আল জাজিরা
প্রতীকী ছবি





