ক্যানসারের অভিযোগ: রাউন্ডআপ মামলায় ৭২৫ কোটি ডলারের মীমাংসা অনুমোদন, বায়ার দেবে দুই দশকে
জনপ্রিয় আগাছানাশক ‘রাউন্ডআপ’ ব্যবহারে ক্যানসার হওয়ার অভিযোগে করা হাজারো মামলা নিষ্পত্তিতে জার্মান কৃষিরাসায়নিক প্রতিষ্ঠান বায়ারের সর্বোচ্চ ৭২৫ কোটি (৭.২৫ বিলিয়ন) ডলারের মীমাংসা অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিসৌরির এক বিচারক। শুক্রবার (২০ নভেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। দুই দশকে এই অর্থ পরিশোধ করবে বায়ার।
মামলাকারীদের দাবি, রাউন্ডআপ নন-হজকিন লিম্ফোমা নামের ক্যানসার সৃষ্টি করতে পারে—এ বিষয়ে মানুষকে সতর্ক করা উচিত ছিল কোম্পানির। তবে বায়ার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
দেশব্যাপী এই মীমাংসা প্রযোজ্য হবে যারা ইতিমধ্যে অসুস্থ এবং ভবিষ্যতে যাদের রোগ ধরা পড়বে—উভয়ের ক্ষেত্রেই। পণ্য ব্যবহারের ধরন, রোগ শনাক্তের সময় বয়স ও অসুস্থতার মাত্রা অনুযায়ী অংশগ্রহণকারীরা গড়ে ১০ হাজার থেকে ১ লাখ ৬৫ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন।
সেন্ট লুইস সার্কিট বিচারক টিমোথি বয়ার লিখিত রায়ে বলেন, ক্ষতিপূরণের গড় অঙ্ক “ন্যায্য ও পর্যাপ্ত”। মীমাংসায় আইনজীবীদের ফি বাবদ ৬০ কোটি ডলার রাখা হয়েছে। তবে কিছু আইনজীবীর মতে ক্ষতিপূরণের অঙ্ক খুবই কম। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।
বায়ারের প্রধান নির্বাহী বিল অ্যান্ডারসন এক বিবৃতিতে মীমাংসাকে মামলার ঝুঁকি কমানোর কৌশলে “একটি নির্ণায়ক মাইলফলক” বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, গত জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেন, ক্যানসারের সতর্কবার্তা না দেওয়ার অভিযোগে অঙ্গরাজ্যের আদালতে বায়ারের বিরুদ্ধে মামলা করা যাবে না।
সূত্র: এপি





