খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানির উল্লেখ, সমালোচনার মুখে বাড়তি দিনে গড়াল কপ৩১
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১) চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে এক দিন বাড়ানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুই সপ্তাহের এ সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও শনিবারও আলোচনা চলবে।
চূড়ান্ত চুক্তির খসড়ায় জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকায় পরিবেশকর্মী ও কয়েকটি দেশ তীব্র সমালোচনা করেছে। ফলে বাড়তি আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার ব্যাপক হারে কমানোর সুনির্দিষ্ট পরিকল্পনা আসবে—এমন আশা ক্ষীণ বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিপর্যয়কর প্রভাব এড়াতে কয়লা, তেল ও গ্যাস থেকে নির্গমন দ্রুত ও ব্যাপকভাবে কমানো জরুরি। বিশ্ব ইতিমধ্যে প্যারিস চুক্তির দেড় ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে।
দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো বলছে, যে ধনী দেশগুলো এই সংকট তৈরি করেছে, তাদের দুর্যোগ মোকাবিলা ও অভিযোজন তহবিলে আরও বেশি অর্থ দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রসহ শীর্ষ দূষণকারী অনেক দেশ এবারের সম্মেলনে সরাসরি অংশ নেয়নি।
সূত্র: এপি





