তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র জয়সওয়াল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ভারতে বসে বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় উসকানি দিচ্ছেন—প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন মন্তব্য নিয়ে প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে স্থানীয় ‘হরিভূমি’ পত্রিকার সাংবাদিক কবিতা যোশী জানতে চান, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগের বিক্ষোভের পেছনে নয়াদিল্লিতে থাকা ‘রাজনৈতিক প্রভুদের’ হাত রয়েছে—এ বিষয়ে ভারতের অবস্থান কী।
জবাবে জয়সওয়াল বলেন, “আমাদের সবসময়ই ধারাবাহিক অবস্থান ছিল যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক চাই, যার ভিত্তি অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধ। সেখানে যেসব মন্তব্য করা হয়েছে, সেগুলো তাদের নিজস্ব বিষয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।”
গত ১৮ নভেম্বর সংসদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দায়ী করেন। লালমনিরহাটে এক জনসভায় তিনি বলেন, “সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতেই” আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ষড়যন্ত্রে নেমেছে।
ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানান জয়সওয়াল। ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনার প্রতিষ্ঠিত মাধ্যম যৌথ নদী কমিশন। তবে চুক্তি নবায়ন কোন পর্যায়ে হবে—সে প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি। রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের বিষয়ে তিনি বলেন, ভারত বিষয়টি নজরে রেখেছে এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সমর্থন দিয়ে আসছে।





