বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের
যেসব মার্কিন কোম্পানি বিদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টার নির্মাণ করবে, তাদের ওপর “বিশাল কর” আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ নভেম্বর) এশিয়া সফর থেকে ফিরে হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, “আমরা কোম্পানিগুলোকে অন্য দেশে ডেটা সেন্টার বানাতে দেব না। তারা চাইলে করতে পারে, কিন্তু আমরা তাদের ওপর বিশাল কর বসাব।” তবে এই পরিকল্পনার কথা তিনি এখনো নিজের কর্মকর্তাদের জানাননি বলে জানান, এবং কীভাবে তা কার্যকর হবে তা স্পষ্ট নয়।
ট্রাম্পের দাবি, ‘সুপার ইন্টেলিজেন্স’ উন্নয়নে যুক্তরাষ্ট্র চীনের চেয়ে এগিয়ে আছে, তবে ডেটা সেন্টারবিরোধী রাজনৈতিক প্রতিক্রিয়া বাড়তে থাকলে পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
এপি ভোটার পোলের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় তিন-চতুর্থাংশ ভোটার নিজেদের এলাকায় নতুন ডেটা সেন্টার নির্মাণের বিরোধিতা করেছেন। বিদ্যুতের দাম ও পানির সরবরাহে ডেটা সেন্টারের প্রভাব নিয়েও বেশির ভাগ মার্কিন নাগরিক উদ্বিগ্ন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পেছনে এই উদ্বেগেরও ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে।
ডেটা সেন্টার নিয়ে স্থানীয় উদ্বেগ মেটাতে কোম্পানিগুলোর সঙ্গে সমঝোতার পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, “চুক্তি করুন। তাদের প্রচুর টাকা আছে। নিয়ে নিন।” ইউবিএসের অর্থনীতিবিদদের হিসাবে, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আগামী বছর এআই উন্নয়নে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে পারে।
সূত্র: এপি





