ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে বহিষ্কার ও স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের
যুক্তরাষ্ট্রে ভিসা বা অবস্থানের অনুমোদিত মেয়াদ পেরিয়ে থাকলে বহিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশিরা। এ বিষয়ে সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার (২১ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, “যদি আপনি যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করেন, তাহলে আপনাকে বহিষ্কার (ডিপোর্ট) করা হতে পারে এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।”
এর আগেও একাধিকবার এমন সতর্কবার্তা দিয়েছে দূতাবাস। গত সেপ্টেম্বরে দূতাবাস জানিয়েছিল, মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না; প্রবেশের পর কতদিন থাকা যাবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের ইমিগ্রেশন কর্মকর্তা। অনুমোদিত সময়ের বেশি থাকলে বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কাজে জড়ালে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে এবং ভিসা যথাযথভাবে ব্যবহার করা ভিসাধারীর নিজস্ব দায়িত্ব।
সূত্র: ঢাকায় মার্কিন দূতাবাস, ভিউজ বাংলাদেশ, বাংলা ট্রিবিউন





