হাসিনা ফিরলে জায়গা দুটি—জেলখানা ও ফাঁসির মঞ্চ: হাবিব উন নবী খান সোহেল
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য দুটি জায়গা প্রস্তুত রয়েছে—জেলখানা ও ফাঁসির মঞ্চ। এর বাইরে তার জন্য আর কোনো জায়গা নেই।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। সারা দেশে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে এ সভার আয়োজন করা হয়।
হাবিব উন নবী খান সোহেল বলেন, দুই-চারটি বাড়ি ও কিছু গাড়িতে আগুন দিয়ে কিংবা রামদা নিয়ে রাস্তায় মিছিল করে বর্তমান সরকারকে ভয় দেখানো যাবে না। “এই সরকার ‘ডামি’ বা নিশিরাতের নির্বাচনের সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার।”
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেশে এলে রায় বাস্তবায়ন করা হবে। “আপা আসবেন, আমরা অপেক্ষায় আছি।” আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, দলটির কর্মসূচি যে দেশে রয়েছে, সে দেশেই পালন করতে হবে।
বিএনপির এই নেতার বক্তব্যের বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





