নারীদের নাম সরকারি নথিতে লেখা নিষিদ্ধ করল তালেবান, পরিচয় দিতে ‘বিবি’
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। চিকিৎসার ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিতেও নারীদের নাম ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন নির্দেশনায় সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের নারীদের নাম ধরে সম্বোধন করতেও নিষেধ করা হয়েছে। নারীদের পরিচয় বোঝাতে কোথাও ‘বিবি’ শব্দ ব্যবহার করা হচ্ছে, আফগান সমাজে যার অর্থ দাদি বা বয়স্ক নারী। কিছু ক্ষেত্রে আরও অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগও উঠেছে।
আফগান অধিকারকর্মী লালা ওসমানি এ চর্চাকে নারীদের মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, একজন মানুষের মানবিক পরিচয় কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হলো তার নাম কেড়ে নেওয়া। এই নিষেধাজ্ঞায় স্বাস্থ্যসেবায়ও জটিলতা তৈরি হতে পারে, কারণ একাধিক নারীর ব্যবস্থাপত্র গুলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
আফগানিস্তানে নারীদের নাম প্রকাশ্যে ব্যবহার নিয়ে সামাজিক সংকোচ দীর্ঘদিনের। অধিকারকর্মীদের আন্দোলনের পর ২০২০ সালের সেপ্টেম্বরে জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়েছিল। তবে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবরের আশঙ্কা, বালখে জারি করা এ নির্দেশনা একসময় সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। তালেবান এর আগেও বিভিন্ন এলাকায় বিধিনিষেধ জারি করে পরে তা দেশজুড়ে কার্যকর করেছে বলে মনে করিয়ে দেন তিনি। এ বিষয়ে তালেবান প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।
স্পেনে নির্বাসিত আফগান সাংবাদিক খাদিজা আমিন সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার নিয়ে জার্মান পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে সমস্যায় পড়েন, কারণ সন্তানদের জন্মসনদে তাকে মা হিসেবে শনাক্ত করার কোনো তথ্য ছিল না। ওসমানির ভাষায়, আফগানিস্তানে কোনো নারীকে আসল নামে ডাকাও এখন একধরনের প্রতিরোধ।
সূত্র: এল পাইস, মানবজমিন
প্রতীকী ছবি





