আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত এবং ৯৭ জন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ বিস্ফোরণ ঘটে।
কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আল জাজিরাকে হতাহতের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ সংখ্যা জানানো হয়েছে। আরও তথ্য পাওয়া গেলে নিহত ও আহতের সংখ্যা বদলাতে পারে।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামি-উল-হক জানান, স্কুলের পাশের একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বাড়িটিতে খনির কাজে জড়িত কয়েকজন ডিনামাইট মজুত করে রেখেছিলেন। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাননি তিনি।
নিহতদের মধ্যে কতজন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আহতদের মধ্যে কতজনের অবস্থা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের কুনার প্রাদেশিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি বলেছেন, প্রাথমিক তদন্তে অবহেলা ও অসাবধানতার কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে। পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশটিতে ঘটনাস্থলে তদন্ত দল কাজ করছে।
আফগানিস্তান লোহা, তামা, সিসা, দস্তা, সোনা, কয়লা ও মূল্যবান পাথরসহ নানা খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ। খনি খাত দেশটির গুরুত্বপূর্ণ শিল্প হলেও খনি কোম্পানিগুলোর নিরাপত্তা মান প্রায়ই দুর্বল থাকায় দুর্ঘটনা ঘটে। কুনারে সম্প্রতি মূল্যবান পাথর উত্তোলন বেড়েছে।
এর আগে গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।
সূত্র: আল জাজিরা
প্রতীকী ছবি





