আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায়
ভারতের লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস বা সীমানা নির্ধারণের উদ্যোগকে ‘চিরস্থায়ী ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা’ বলে আখ্যা দিয়েছেন বুকার পুরস্কারজয়ী লেখক অরুন্ধতী রায়। তার অভিযোগ, এই উদ্যোগ ভারতের গণতন্ত্রের ভিত দুর্বল করবে এবং জাতি, ধর্ম ও সম্প্রদায়ভিত্তিক বিভাজন আরও পাকাপোক্ত করবে।
শনিবার (২৮ নভেম্বর) নয়াদিল্লির জওহর ভবনে লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের জাতীয় সম্মেলনে বক্তব্যে নরেন্দ্র মোদী সরকারের এ পরিকল্পনার কড়া সমালোচনা করেন তিনি।
অরুন্ধতী রায় বলেন, আসন পুনর্বিন্যাস গণতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দেবে। মানুষকে শুধু আসন ও সাংসদের সংখ্যা বাড়ানোর বিষয় বলে ভুল বোঝানো হচ্ছে। নারী সংরক্ষণ বিলের সঙ্গে নারীর অধিকারের সম্পর্ক আছে, এমনটাও বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তার মতে, এর মূল উদ্দেশ্য নির্বাচনী মানচিত্র নতুন করে সাজিয়ে ক্ষমতা কেন্দ্রীভূত করা।
আগামী ৩০ নভেম্বর থেকে ভারতের সংসদের চার দিনের বিশেষ অধিবেশন ডেকেছে সরকার। সেখানে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে লোকসভা ও রাজ্য বিধানসভায় ৩৩ শতাংশ নারী সংরক্ষণ কার্যকর এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল আনার কথা রয়েছে। বিরোধী দল কংগ্রেস এ উদ্যোগকে গণতন্ত্রের জন্য হুমকি বলছে।
অরুন্ধতী রায় সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়া লেখক-শিল্পীদেরও সমালোচনা করেন। তিনি বলেন, ভারত বিশ্বের অন্যতম বৈষম্যপূর্ণ সমাজ, যেখানে জাতি, শ্রেণি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে আইনের প্রয়োগ ভিন্নভাবে হয়।
সরকার ইসরায়েল থেকে নজরদারি প্রযুক্তি কিনে তরুণ প্রতিবাদকারীদের ওপর ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। বিক্ষোভের সময় মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে হাজারো মানুষকে শনাক্ত করা হয়েছে বলে দাবি তার। এসব অভিযোগের বিষয়ে ভারত সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: জাগো নিউজ
ছবি: উইকিমিডিয়া কমন্স





