আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর
২০২৩ সালে মাঠে গড়ানোর কথা ছিল ১৪তম দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের। দফায় দফায় তারিখ বদলে সেই আসর এবার চলে গেল ২০২৭ সালের সেপ্টেম্বরে। আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল পাকিস্তানে গেমস হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে তা আরও পাঁচ মাস পিছিয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ)।
পিওএ জানিয়েছে, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় ষষ্ঠ এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমসের সূচি বদলে যাওয়াতেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী বছরের ২৮ মার্চ থেকে ৮ এপ্রিল রিয়াদে ওই প্রতিযোগিতা হবে। ফলে এপ্রিলের শুরুতে এসএ গেমস আয়োজন করলে দুটি প্রতিযোগিতার সূচি সাংঘর্ষিক হয়ে পড়ত।
সংস্থাটি আরও জানিয়েছে, অ্যাথলেটদের স্বাস্থ্য, কল্যাণ এবং দুই প্রতিযোগিতাতেই নির্বিঘ্নে অংশগ্রহণের বিষয়টি মাথায় রেখে দক্ষিণ এশিয়ার সব দেশের জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) সম্মতিতে নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে।
বারবার সূচি পরিবর্তনে বাংলাদেশসহ অঞ্চলের অ্যাথলেটদের প্রস্তুতিতে প্রভাব পড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীর্ঘ বিরতিতে প্রতিযোগিতামূলক ম্যাচ ও ইভেন্টের অভাবে অনেক ক্রীড়াবিদের ফর্ম ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
সর্বশেষ ১৩তম এসএ গেমস অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে নেপালের কাঠমান্ডু ও পোখারায়। সেবার বাংলাদেশ ১৯টি স্বর্ণসহ মোট ১৪২টি পদক জিতেছিল। ১৪তম আসরটি ২০২৩ সালেই পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পরে কয়েক দফা পেছানো হয়।
ছবি: উইকিমিডিয়া কমন্স





