নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার
ভারতে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তবু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতীয় দর্শকদের মধ্যে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা থামছে না। সর্বশেষ পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নিজাত’ নিয়ে ভারতের বিভিন্ন শহরে রীতিমতো উন্মাদনা দেখা দিয়েছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে।
নয়াদিল্লির সাংস্কৃতিক সংগঠক আবু সুফিয়ান খান সম্প্রতি নাটকটির একটি ঘরোয়া প্রদর্শনীর আয়োজন করেন। সর্বোচ্চ ৪৫ জনের জন্য আয়োজনটি হলেও অংশ নিতে আবেদন পড়ে ৭০০টির বেশি। প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে ভারতীয় দর্শকেরা নাটকের ক্লিপ শেয়ার করছেন, পর্ব নিয়ে তর্কবিতর্ক করছেন।
অফলাইনেও দেশের বিভিন্ন স্থানে ওয়াচ পার্টি ও দলবদ্ধ প্রদর্শনী হচ্ছে। এ নিয়ে পুলিশের সঙ্গে চলছে চোর-পুলিশ খেলা। বেঙ্গালুরুতে এই সপ্তাহান্তের অন্তত দুটি প্রদর্শনী পোস্টার দেখে কর্তৃপক্ষ বাতিল করে দিয়েছে।
বেঙ্গালুরুর এক ভক্ত রাখশান্দা মুজিব বলেন, নাটকের চরিত্র আবু বকরের সহমর্মিতাই তাকে মুগ্ধ করেছে। সুফিয়ান খানের ভাষ্য, ভারতীয়রা ভিপিএন বা প্রক্সি ছাড়া ইউটিউবে পাকিস্তানি নাটক দেখতে পারেন না, তবু নিষিদ্ধ ফলের আকর্ষণ কমছে না।
যুদ্ধ ও উত্তেজনার মধ্যেও কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চলেছে। তবে গত বছরের মে মাসে সামরিক সংঘাতের পর ভারত জাতীয় নিরাপত্তার কথা বলে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ইউটিউব থেকে সব পাকিস্তানি গান, সিনেমা ও নাটক নিষিদ্ধ করে। চলতি সপ্তাহেও নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম শো ভারতে বন্ধ করতে বলেছে দেশটি।
প্রতিবেদনে বলা হয়, চীন ২০১৬ সালে কোরিয়ান পপ সংস্কৃতিতে নিষেধাজ্ঞা দিয়ে তা প্রায় এক দশক কার্যকর রাখতে পারলেও ভারতের চেষ্টা ব্যর্থ হচ্ছে। কারণ চীন নিজ নাগরিকদের ব্যবহৃত প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করে, কিন্তু ভারত ইউটিউব নিয়ন্ত্রণ করে না। ভিপিএন দিয়ে ডাউনলোড করা নাটক সহজেই ভারতের ভেতরের অ্যাকাউন্ট থেকে আবার আপলোড হচ্ছে।
সূত্র: আল জাজিরা
প্রতীকী ছবি





