গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত
গাজা সিটিতে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) একটি ক্লিনিকে ইসরায়েলি হামলায় সংস্থাটির দুই কর্মী নিহত হয়েছেন। নিহত দুজনই ক্লিনিকের নিরাপত্তাকর্মী ছিলেন।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এমএসএফ জানায়, ‘আমাদের দুই সহকর্মী নিহত হওয়ায় আমরা শোকাহত ও ক্ষুব্ধ।’ হামলাটিকে ‘সরাসরি আঘাত’ বলে উল্লেখ করে সংস্থাটি জানায়, এ নিয়ে গাজায় তাদের নিহত কর্মীর সংখ্যা দাঁড়াল ১৭ জনে।
এমএসএফের দাবি, তাদের স্থাপনাগুলো স্পষ্টভাবে সংস্থার লোগো দিয়ে চিহ্নিত ছিল এবং অবস্থান ইসরায়েলি সেনাবাহিনীকে আগেই জানানো হয়েছিল। ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, নিহত দুজন হামাসের সদস্য ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়েসুস হামলাটিকে ‘জঘন্য ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যারা অন্যের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেন, তাদের সুরক্ষা দিতে হবে, হামলা নয়।
আল জাজিরার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৭০০-এর বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। চলতি সপ্তাহেই আরেক ইসরায়েলি হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে পানি সরবরাহের কাজে থাকা জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর ৩৫ বছরের কর্মী আদেল আল-হেলু নিহত হন।
ইসরায়েলি কর্মকর্তারা প্রমাণ ছাড়াই বিভিন্ন ত্রাণ সংস্থাকে হামাসের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করে আসছেন। ত্রাণ সংস্থাগুলোর মতে, এ ধরনের অভিযোগ মানবিক কর্মীদের ওপর হামলাকে স্বাভাবিক করে তুলছে।
সূত্র: আল জাজিরা
প্রতীকী ছবি





