হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক
রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের বিষয়ে গোপন তথ্য পেয়ে শুক্রবার মধ্যরাত থেকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরজামান জানান, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শনিবার সকালে তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে কোন মামলায় এবং কী অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। এ বিষয়ে আটক ব্যক্তি বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ড. হাছান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সময়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর থেকে তিনি প্রকাশ্যে নেই।
সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সাবেক মন্ত্রী-এমপিদের স্বজনদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। শনিবারই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করে দেওয়া হবে।
প্রতীকী ছবি





