মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮%
বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ভারতীয় রপ্তানি পণ্যে ১৭ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। একই প্রস্তাবে চুক্তি সাপেক্ষে বাংলাদেশ, কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্যে ১৮ শতাংশ এবং চীন ও ভিয়েতনামের পণ্যে ২০ শতাংশ শুল্ক ধরা হয়েছে। ফলে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে ভারত কিছুটা সুবিধা পেতে পারে বলে মনে করা হচ্ছে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই নতুন শুল্ক হারের প্রস্তাব ঘোষণা করে। তবে চুক্তি না হলে ভারতের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
শুল্কের এই হারগুলো এখনো চূড়ান্ত নয়। ইউএসটিআরের সময়সূচি অনুযায়ী, প্রস্তাবের ওপর লিখিত মতামত জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ৫ জানুয়ারি, এরপর গণশুনানি হবে।
এর আগে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়েছিলেন। তখন আরও বেশি মার্কিন পণ্য কেনার শর্তে ভারতের শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার কথা বলা হয়। পরে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক বাতিল করলে ভারত আরও সুবিধাজনক হারের দাবি তোলে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের ভিজিটিং ফেলো রোনাক ডি দেশাই বলেন, ১৭ শতাংশের প্রস্তাব চুক্তির অর্থনৈতিক যৌক্তিকতা বাড়ালেও ২৫ শতাংশের হুমকি মোদী সরকারের জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল। মার্কিন চাপে নতি স্বীকারের চিত্র দেখাতে চাইবে না নয়াদিল্লি।
যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার তদন্তে আনা অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ নাকচ করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে দ্বিপক্ষীয় চুক্তি দ্রুত শেষ করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডায় জি-২০ সম্মেলনে মোদী-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ১৮ শতাংশ হার ভারতের চেয়ে এক শতাংশ বেশি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার হওয়ায় চূড়ান্ত হার কত দাঁড়ায়, সেদিকে নজর রাখছেন রপ্তানিকারকেরা।
সূত্র: জাগো নিউজ, ইউএসটিআর
প্রতীকী ছবি





