নোয়াখালী সদরে ডিবির অভিযান, ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মোহাম্মদ উল্যা,
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন হৃদয় (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে সুধারাম থানাধীন ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকার ঈদগাহ মাঠসংলগ্ন পাকা সড়কের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (১১ অক্টোবর) নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন আনোয়ার হোসেন হৃদয়কে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন হৃদয় সুধারাম থানাধীন ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিপুর এলাকার কালা মিয়া চৌকিদার বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম জাহেদুল হক এবং মায়ের নাম কাজল বেগম।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।