বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের
রপ্তানিমুখী শিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, শ্রমিকদের কম মজুরি এবং চীনা কাঁচামালের ওপর অতিনির্ভরতার অভিযোগ তুলে বাংলাদেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতেই এসব অসংগতি বেশি বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। দুই দেশের মধ্যে বড় বাণিজ্য ঘাটতিকেও সমস্যা হিসেবে দেখছে ওয়াশিংটন।
চলতি বছরের ১১ মার্চ বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান অর্থনীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। গত ২৫ নভেম্বর প্রকাশিত সেই তদন্ত প্রতিবেদনে বাংলাদেশের উৎপাদন খাতের নানা অসংগতির কথা তুলে ধরা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় সাড়ে ৩ হাজার তৈরি পোশাক ও বস্ত্র কারখানা চালু রয়েছে, যার প্রায় সবই রপ্তানিমুখী; এ খাতে কাজ করেন ৪০ লাখের বেশি শ্রমিক।
ইউএসটিআরের দাবি, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও ২০২৪-২৭ সালের জাতীয় রপ্তানি নীতির মতো রাষ্ট্রীয় পরিকল্পনা ও প্রণোদনার মাধ্যমে পোশাক খাতে চাহিদার চেয়ে বেশি উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হয়েছে। রপ্তানি আয়ে ৫০ শতাংশ আয়কর ছাড় এবং ২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৪৩টি খাতে নগদ সহায়তার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল এবং বস্ত্র খাতে চীনা বিনিয়োগ বাড়ায় চীন তার অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বাংলাদেশের মাধ্যমে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি।
মজুরি নিয়েও প্রশ্ন তুলেছে ইউএসটিআর। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে বাংলাদেশের পোশাকশ্রমিকদের প্রবেশ পর্যায়ের মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা (প্রায় ১০১ ডলার), যা ভারত (প্রায় ১৭০ ডলার), কম্বোডিয়া ও ভিয়েতনাম (প্রায় ২০০ ডলার) এবং চীনের (প্রায় ৩০০ ডলার) তুলনায় অনেক কম। এতে উৎপাদন খরচ কৃত্রিমভাবে কম রাখা হচ্ছে বলে দাবি সংস্থাটির। ২০২৬ সালের এপ্রিলে শ্রম আইন সংশোধন হলেও ইপিজেড এলাকায় তা প্রযোজ্য নয় এবং সেখানে স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়।
ইউএসটিআরের হিসাবে, এসব নীতির ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্য উদ্বৃত্ত ২০২৫ সালে প্রায় ৭০০ কোটি ডলারে পৌঁছেছে, যার বড় অংশই বস্ত্র ও পোশাক খাতকেন্দ্রিক। সংস্থাটির দাবি, এতে মার্কিন বস্ত্র ও পোশাক উৎপাদকদের বিক্রি, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষতি হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, নতুন শুল্কে পোশাকশিল্পের ওপর চাপ তৈরি হলেও আলোচনার সুযোগ রয়েছে। যেসব বিষয় বাংলাদেশের কাছে অযৌক্তিক মনে হচ্ছে, সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরে ছাড় আদায়ের চেষ্টা করবে সরকার। উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশে উৎপাদিত পণ্য আবার যুক্তরাষ্ট্রে রপ্তানির বিষয়টি বিবেচনায় নিয়ে শুল্কছাড় নিয়ে আলোচনা করা সম্ভব। তিনি আরও বলেন, এই শুল্কনীতি শুধু বাংলাদেশের জন্য নয়, আরও অনেক দেশের ক্ষেত্রেও প্রযোজ্য।
সূত্র: ইউএসটিআর, জাগো নিউজ, বাংলানিউজ২৪
ছবি: সংগৃহীত





