আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠে বিজিবি-আনসার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা রোববার ও সোমবারের ‘কর্মসূচি’ ঘিরে দেশজুড়ে সতর্কবার্তা দিয়েছে পুলিশ সদরদপ্তর। প্রতিটি ইউনিট ও জেলার পুলিশ সুপারদের কাছে এ বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি বিজিবি ও আনসার বাহিনীকে মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, টানা কিছুদিন ধরে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনায় ককটেল নিক্ষেপ ও সড়ক অবরোধের মতো ঘটনা সামাল দিতে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সম্মিলিতভাবে কাজ করছে। নাশকতাপ্রবণ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, কিছু স্থানে দুর্বল কর্মকর্তাদের সরিয়ে দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডিসেম্বরে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এমন ধারণা নিয়ে দলটির সিনিয়র পলাতক নেতাদের নির্দেশে এসব তৎপরতা চালানো হচ্ছে। নাশকতায় অর্থদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের নাম গোয়েন্দাদের হাতে এসেছে বলেও জানানো হয়েছে।
গোয়েন্দা সূত্র বলছে, দুই দিনের কর্মসূচিতে ঝটিকা মিছিল ও যানবাহনে অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হয়েছে। থানা, হাসপাতালসহ সরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার এবং সীমান্তবর্তী জেলাগুলোতেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রমতে, সারা দেশে দুই শতাধিক নাশকতার ঘটনায় শতাধিক গাড়িতে অগ্নিসংযোগ এবং প্রায় দেড় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। চলতি মাসে পুলিশের স্থাপনায় চারটি হামলা, পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, আহত হয়েছেন ২১ পুলিশ সদস্য। গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা এবং জুলাই স্মৃতিস্তম্ভে দুটি হামলার ঘটনাও ঘটেছে।
এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন জড়িত বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতীকী ছবি





