২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন
গত ৭ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ২২ দিনে সারা দেশে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ সময় পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ২৮টি গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর জানায়, এসব ঘটনায় ৫২টি মামলা হয়েছে এবং ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি স্থাপনা ও একটি গাড়িতেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপনসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। কেউ নাশকতার অপচেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে,’ বলেন তিনি।
এর মধ্যেই রোববার রাতে রাজধানীর নর্দা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১০টা ২৭ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ২৯ ও ৩০ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউন’ কর্মসূচি পালন করছে। এসব নাশকতার দায় নিয়ে দলটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতীকী ছবি: মহাখালী বাস টার্মিনাল (উইকিমিডিয়া কমন্স)





