কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির একটি আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় বিএনপির দুই কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের স্থানীয় নেতা বাবর আলী, রাজন ও রাজিবসহ কয়েকজন কার্যালয়ে হামলা চালান। আওয়ামী লীগের এক নেতার নির্দেশে এ হামলা হয়েছে বলেও দাবি তাদের।
আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল মোল্লা বলেন, ‘আমাদের ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালায়।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।’ আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযুক্তদের বা আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতীকী ছবি: কুষ্টিয়া (উইকিমিডিয়া কমন্স)





