নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও
চলমান নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
স্বপন ভট্টাচার্য্য ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
একই দিন সন্ধ্যায় চট্টগ্রামের খুলশী থানার ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।
কোন মামলায় সেলিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। তবে পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা থাকতে পারে। চসিকে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল।
গ্রেপ্তার দুজনের বা তাদের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: উইকিমিডিয়া কমন্স





