গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা হয়েছে। এতে দুজন আহত হন। একজনের মাথায় আঘাত লেগেছে, আরেকজনের পিঠে ভাঙা কাচ ঢুকেছে।
শিক্ষার্থীরা জানান, ফিল্ড ওয়ার্কে কুয়াকাটা যাওয়ার পথে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ছাগলছিরা এলাকায় তাদের গাড়ি আটকে দেওয়া হয়। নিরাপত্তার কথা ভেবে তারা একটি হাইওয়ে হোটেলে আশ্রয় নেন। পরে স্থানীয় কয়েকজন ‘সিলেটের যারা আছেন, বের হয়ে যান’ বলে চাপ দিলে তারা রওনা হন। কিছুদূর যেতেই একটি বাজার এলাকায় আবার তাদের গাড়িতে হামলা ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পুলিশি নিরাপত্তায় তাদের পদ্মা সেতু পার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। উপাচার্য পুলিশ সুপারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
একই দিন দুপুরে মুকসুদপুরের দক্ষিণ জলিরপাড় গ্রামে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালিয়ে কাচ ও আসবাব ভাঙচুর করা হয়। পরে ব্যাংকের কাগজপত্র ও আসবাব বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রের অভিযোগ, লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক অবরোধ করা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালান।
এসব হামলার বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে প্রশাসনের বক্তব্যও পাওয়া যায়নি।
প্রতীকী ছবি: শাবিপ্রবি (উইকিমিডিয়া কমন্স)





