আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও
১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে অবসরে পাঠানোর কারণ উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জাগো নিউজ জানিয়েছে, আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও দলটির আস্থাভাজন কর্মকর্তা হিসেবে তাদের চাকরি থেকে বিদায় করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ওএসডি অতিরিক্ত সচিব মো. মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম ও গৌতম চন্দ্র পাল। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জহির রায়হান, হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, আবু আহমদ ছিদ্দীকী, নুরুন আখতার ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকেও অবসরে পাঠানো হয়েছে।
একই রাতে আরেক প্রজ্ঞাপনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা সচিব হিসেবে বদলি করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান।
এ ছাড়া অবসরে যাওয়ার সুবিধার্থে তথ্য ও সম্প্রচারসচিব মাহবুবা ফারজানাকে ওএসডি করা হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করে তার জায়গায় অতিরিক্ত সচিব মো. মাসুদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রতীকী ছবি: বাংলাদেশ সরকারের সিলমোহর





