যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক
যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিসের কাছে হামলার শিকার সোমালি বংশোদ্ভূত মার্কিন উবারচালক মোহাম্মদ ইউসুফ (৫১) মারা গেছেন। মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) জানিয়েছে, শনিবার হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়।
কর্তৃপক্ষ জানায়, গত ১৪ নভেম্বর সিটবেল্ট দিয়ে শ্বাসরোধের চেষ্টা ও নিজের গাড়িচাপায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি কোমায় ছিলেন।
আদালতের নথি অনুযায়ী, যাত্রী তোলার সময় ইউসুফ তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। তার ভাই, যিনিও উবারচালক, শুনতে পান যাত্রী বলছেন তিনি ‘মোহাম্মদ’ নামটি পছন্দ করেন না। পরে তিনি ইউসুফকে সোমালি ভাষায় চিৎকার করে বলতে শোনেন, তাকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়িচাপা দেওয়া হচ্ছে।
অভিযুক্ত সামিত অপূর্ব প্যাটেলের বিরুদ্ধে প্রথমে দ্বিতীয় মাত্রার হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল। হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি জানিয়েছেন, এখন অভিযোগ বাড়িয়ে দ্বিতীয় মাত্রার ইচ্ছাকৃত হত্যা করা হবে। তবে এটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে প্রমাণ করা কঠিন হবে বলে তিনি আগে মন্তব্য করেছিলেন।
মিনেসোটার গভর্নর পেগি ফ্ল্যানাগান নিহতের পরিবার ও সোমালি কমিউনিটির জন্য প্রার্থনা করার কথা জানিয়ে বলেন, তিনি প্রার্থনা করছেন ‘জাতির নেতাদের অমানবিক বক্তব্য বন্ধের জন্য, যার বাস্তব পরিণতি রয়েছে।’ অধিকারকর্মীরা সোমালি আমেরিকানদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্রদের বক্তব্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন।
অভিযুক্তের আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
প্রতীকী ছবি: মিনিয়াপোলিস (উইকিমিডিয়া কমন্স)





