নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেই স্পেন-ফ্রান্স মহারণ, পর্তুগালের সামনে নেদারল্যান্ডস
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ফলে শেষ চারে ওঠার আগেই বিদায় নিতে হবে এই দুই দলের একটিকে। শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত ড্রয়ে এই সূচি নির্ধারিত হয়।
বাকি তিন কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে এবং জার্মানির সামনে বেলজিয়াম।
আগামী বছরের মার্চের শেষ দিকে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে কোয়ার্টার ফাইনালের দুই লেগ অনুষ্ঠিত হবে। স্পেন-ফ্রান্স লড়াইয়ের প্রথম লেগ হবে স্পেনের মাঠে, আর ইংল্যান্ডকে প্রথম লেগ খেলতে হবে নরওয়ের মাঠে। জয়ী চার দল জায়গা করে নেবে জুনের চূড়ান্ত পর্বে, যার ভেন্যু এখনো নির্ধারিত হয়নি।
সেমিফাইনালে স্পেন-ফ্রান্স ম্যাচের জয়ী দল খেলবে পর্তুগাল-নেদারল্যান্ডস লড়াইয়ের বিজয়ীর বিপক্ষে। অন্যদিকে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে জার্মানি-বেলজিয়ামের বিজয়ীর।
গত বছর নেশন্স লিগের সেমিফাইনালে গোলবন্যার ম্যাচে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়েছিল স্পেন। স্পেন সর্বশেষ ২০২৩ সালে এবং ফ্রান্স ২০২১ সালে নেশন্স লিগের শিরোপা জিতেছিল।





