জননিরাপত্তায় ঢাকাসহ ৮ এলাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ২৯ প্লাটুন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরী এবং ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় মোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ২৯ প্লাটুন মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এ ছাড়া ঢাকা জেলায় ১৮, গাজীপুরে ১৫, নারায়ণগঞ্জে ৬, কক্সবাজারে ৬, ঢাকা মহানগরীতে ৫, ফরিদপুরে ৫ ও ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। আরও ৪ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করবেন তারা।
বিজিবি জানিয়েছে, সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।





