হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ও যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে শাখাওয়াত মুনকে আওয়ামী লীগের ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে দেখা যায়। জবাবে তিনি জানান, বর্তমানে তিনি ওএসডি হিসেবে আছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ আটক করে পুলিশ। চারজনই বর্তমানে মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে আছেন। আটক ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
শাখাওয়াত মুন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল; সরকার পরিবর্তনের পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
ছবি: সংগৃহীত





