পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে এমপি নুসরাতের মামলা, আসামি ৩৮
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা এ মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
মামলার সূত্রে জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে সংসদ সদস্যের গ্রামের বাড়ির একটি পুরোনো টিনশেড ঘরে আগুন লাগে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে ওই ঘরে অগ্নিসংযোগ করে।
ঘটনার পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন নুসরাত তাবাসসুম। সেখানে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নুসরাত তাবাসসুম অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।
তবে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপের কারণে, নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





