নোয়াখালী জামায়াতের নতুন আমীর ইসহাক খন্দকারের শপথ
চাঁদাবাজি, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: এটিএম মাসুম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, বর্তমান সরকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, গুম-খুন-ধর্ষণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।
শুক্রবার নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন ও ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা এটিএম মাসুম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জুলাইয়ের আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্তরা চুপ করে বসে থাকবে না। প্রয়োজন হলে আগের চেয়ে দ্বিগুণ শক্তিতে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের সঙ্গে জামায়াতে ইসলামী কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করবে না বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসহাক খন্দকারকে পুনরায় নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত করা হয়। পরে প্রধান অতিথি মাওলানা এটিএম মাসুম তাকে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে নবনির্বাচিত জেলা আমীর ইসহাক খন্দকার স্বাগত বক্তব্য দেন। এরপর ২০২৭-২০২৮ সেশনের জেলা শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম মাসুম আরও বলেন, চাঁদাবাজি ব্যাপক হারে বেড়েছে এবং বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জনগণের মৌলিক চাহিদা পূরণেও সরকার ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সরকারি দলের একটি অংশের আঁতাত রয়েছে দাবি করে তিনি বলেন, এর মাধ্যমে নানা ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি হচ্ছে।
মাওলানা মাসুম আরও দাবি করেন, বিভিন্ন মামলার আসামিরা জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। পাশাপাশি সংসদে বিরোধী দলের বক্তব্য উপস্থাপনের সুযোগ সীমিত করা হচ্ছে। ফলে বিরোধী দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবনির্বাচিত জেলা আমীর ও শূরা সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্মেলনে নোয়াখালী জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, রোকন ও সদস্যরা উপস্থিত ছিলেন।





