পেনসিলভেনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বইমেলা শুরু, চলবে রোববার পর্যন্ত
প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় শুরু হয়েছে দুই দিনের ‘পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬’। শনিবার (২১ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন হয়। মেলা চলবে রোববার (২২ নভেম্বর) পর্যন্ত। স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা, সাংবাদিক, লেখক ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে প্রথম দিনেই উৎসবমুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
আপার ডারবির ৮৯২৫ ওয়েস্ট চেস্টার পাইকের ঢাকা ক্লাব পার্টি সেন্টারে এ আয়োজন চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপার ডারবি টাউনশিপের মেয়র এড ব্রাউন, মেলবোর্নের মেয়র এম. এ. তাইয়ুব, পেনসিলভেনিয়া স্টেট সিনেটর জিনা এইচ. কারি এবং আপার ডারবি টাউনশিপের চতুর্থ ডিস্ট্রিক্টের কমিটিওম্যান ড্যানিয়েল ব্ল্যাকওয়েল। এ ছাড়া মিজানুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা বই, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য এবং নিজস্ব সাংস্কৃতিক পরিচয় পৌঁছে দেওয়ার ওপর তাঁরা জোর দেন।
শিশুতোষ থেকে ইতিহাস-রাজনীতি: নানা স্বাদের বই
এবারের মেলার অন্যতম আকর্ষণ বইয়ের বৈচিত্র্য। শিশু-কিশোরদের জন্য রয়েছে রঙিন ছবির বই, গল্প ও কিশোর সাহিত্যের আলাদা সংগ্রহ। প্রবাসে বেড়ে ওঠা শিশুরা এসব বইয়ের মাধ্যমে মাতৃভাষার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। বড়দের জন্য রয়েছে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও ঐতিহ্য, সামাজিক ও রাজনৈতিক বিষয়ের বই। পাশাপাশি আছে উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও বিজ্ঞানবিষয়ক বই।
পাঠকেরা ঘুরে ঘুরে পছন্দের বই দেখছেন ও কিনছেন। লেখক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে পরিচয় ও মতবিনিময়ের সুযোগও তৈরি হয়েছে। পরিবার নিয়ে অনেকে মেলায় আসায় শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আয়োজকেরা আশা করছেন, এ উদ্যোগ প্রবাসে বাংলা বইয়ের পাঠক তৈরিতে ভূমিকা রাখবে। নতুন প্রজন্মও মাতৃভাষা ও সাহিত্যচর্চায় উৎসাহিত হবে।
রোববার দ্বিতীয় দিন, থাকছে সম্পাদক আড্ডা
রোববার (২২ নভেম্বর) মেলার দ্বিতীয় ও শেষ দিন। এদিনের অন্যতম আকর্ষণ সম্পাদক আড্ডা। সেখানে প্রবাসী বাংলা সংবাদমাধ্যমের সম্পাদকেরা অভিজ্ঞতা বিনিময় করবেন এবং প্রবাসে বাংলা গণমাধ্যমের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। দিনভর বই প্রদর্শনী, বেচাকেনা এবং বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনও চলবে।
‘একটি মোড়ে গোটা জগৎ পাই, আমরা যদি বইয়ের কাছে যাই’ স্লোগানে আয়োজিত এ মেলা ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকেরা প্রবাসী বাংলাদেশি, বইপ্রেমী, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের পরিবার নিয়ে শেষ দিনের আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আয়োজক পরিষদ
মেলার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী সাখাওয়াত হোসেন, ফারুক আহমদ ভূঁইয়া পলাশ, মাহবুবুল তৈয়ব ও মোহাম্মদ আজিমউদ্দিন।
মেলার স্থান: ঢাকা ক্লাব পার্টি সেন্টার, ৮৯২৫ ওয়েস্ট চেস্টার পাইক, আপার ডারবি, পেনসিলভেনিয়া ১৯০৮২।





