ঢাকার চারপাশের নদীতীরের ১০০ মিটারের মধ্যে নতুন স্থাপনা নির্মাণের অনুমোদন দেবে না রাজউক
রাজধানীর চারপাশের নদনদীর দুই তীর থেকে ১০০ মিটারের মধ্যে নতুন কোনো সরকারি বা বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন দেবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।
নদীতীরের ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ করে ইনার সার্কুলার রোড নির্মাণ ও নদীদূষণ প্রতিরোধের পরিকল্পনা রয়েছে সরকারের।
এত দিন নদীর সীমানা থেকে ৫০ মিটার দূরে অবকাঠামো নির্মাণের সুযোগ ছিল। তবে ৫০ থেকে ২৫০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনাপত্তিপত্র রাজউকে জমা দিতে হতো। নতুন সিদ্ধান্তে ১০০ মিটারের মধ্যে অনুমোদন পুরোপুরি বন্ধ হলো। তবে ওই এলাকায় আগে নির্মিত ভবনগুলোর বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করা হয়নি।
রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম দৈনিক সমকালকে বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নদীর সীমানা থেকে ১০০ মিটারের মধ্যে নকশা অনুমোদন বন্ধ করা হয়েছে। অনুমোদন ছাড়া অবকাঠামো নির্মাণ করলে সংশ্লিষ্ট সংস্থাগুলো পানি ও বিদ্যুতের সংযোগ দেবে না।
নগর পরিকল্পনাবিদ শেখ মেহেদী আহসান বলেন, নির্ধারিত সীমার মধ্যেই অনেক অবকাঠামো গড়ে উঠেছে, এমনকি নদীর জায়গা দখল করেও স্থাপনা নির্মাণ করা হয়েছে, যেগুলো অপসারণ করা যায়নি। সিদ্ধান্তটি বাস্তবায়ন করা গেলে ভালো হবে, তবে সরকার তা কতটা বাস্তবায়ন করতে পারবে, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।





